সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৫টার মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়সীমার মধ্যে যার কাছে পাথর থাকবে, তাদের নিজ খরচে এবং নিজ উদ্যোগে সাদাপাথর এলাকায় পৌঁছে দিতে হবে।
জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় এখনও অনেকের কাছে এসব পাথর লুকিয়ে রাখা আছে। এ কারণে শনিবার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে জরুরি সভা করে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—২৫ আগস্ট বিকেলের মধ্যে পাথর ফেরত দেয়া বাধ্যতামূলক করা।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা সরকারের অংশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। তাই প্রত্যেকে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে লুকানো পাথর উদ্ধারে কাজ করবেন এবং ফেরত দেয়ার প্রক্রিয়া তদারকি করবেন।
এরই মধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি সবাইকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর কারও কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
তিনি আরও জানান, পাথর ফেরত কার্যক্রমের পাশাপাশি লুটের মূলহোতাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
