মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০টি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এই সহিংস ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু পরিবার ঘরছাড়া হয়ে পড়ে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল জমাদ্দার ও আব্বাস চৌধুরী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার সকালে আব্বাস চৌধুরীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর থেকেই ফের উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে আব্বাস চৌধুরীর পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে আবুল জমাদ্দার ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ১০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার ও সিরাজ জমাদ্দার। আগুন নেভাতে গিয়ে এবং হামলা ঠেকাতে গেলে উভয়পক্ষের অন্তত পাঁচজন কুপিয়ে আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত ১০টি বসতঘর।
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার সূত্রপাত হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বারবার আধিপত্যের দ্বন্দ্বে সহিংসতায় জড়ানোয় খাতিয়াল এলাকায় নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এমন সংঘর্ষ আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
