মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নীলক্ষেত

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মধ্যরাতে তীব্র সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর।

প্রত্যক্ষদর্শীদের মতে, শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ একটি দোকান বসাতে আসে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ঢাবির শিক্ষার্থীরা বাধা দিলে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, শাহনেওয়াজ হলের সামনে একদল যুবক ইটপাটকেল ছুড়ছে এবং আশপাশের দোকানে হামলা চালাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের তীব্রতা বাড়ে, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক ফরহাদ আহত হন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরও কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে এবং নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সফল হননি। ইটপাটকেল নিক্ষেপের সময় নিরাপত্তার কারণে তাকে সরিয়ে নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাবি এলাকায় ঢুকে কলেজ শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। অপরদিকে, ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *