নোয়াখালীতে প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে সুব্রত চন্দ দাস (৪০) নামে এক যুবককে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ভয়াবহ ঘটনাটি ঘটে।

নিহত সুব্রত চন্দ দাস চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা এবং চিরু রঞ্জন দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত কিছুদিন ধরে বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত।

দুপুরে স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে মোটরসাইকেল নিয়ে বের হন সুব্রত। পথিমধ্যে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। স্থানীয়রা জানান, কয়েকজন মুখোশধারী ব্যক্তি সুব্রতের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ও মাথায় কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাস্তায় সুব্রতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন,

সুব্রত দুপুরে স্ত্রীকে আনতে বের হয়েছিল। কিছুক্ষণ পরই শুনি তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।

থানার এক কর্মকর্তা জানান,

নিহতের গলায় কাটা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *