আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে রাজধানীর ভাসানটেক থেকে মো. সুমন (৪৫) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযানে বস্তিতে অবস্থিত সুমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, গ্রেফতার সুমন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পুরো এলাকায় ভয় ও ত্রাসের পরিবেশ তৈরি করে আসছিলেন। তিনি টিনশেড বস্তি অধ্যুষিত এলাকায় প্রায় ১ হাজার ৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।
গোয়েন্দা তথ্যে আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুমন এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুপরিকল্পিত ছক কষছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, ভোটকেন্দ্রের পরিবেশ অশান্ত করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্য ছিল তার। বিষয়টিকে জাতীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তার সহিংস পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট ইঙ্গিত বহন করে বলে জানিয়েছে সেনাবাহিনী।
গ্রেফতারের ফলে ভাসানটেক, ধামালকোট ও আশপাশের এলাকায় সম্ভাব্য সহিংসতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অভিযানের পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাধারণ মানুষ এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর পদক্ষেপকে সময়োপযোগী বলে দেখছেন।
অভিযান শেষে গ্রেফতার সুমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার নাশকতার পরিকল্পনা ও সহযোগীদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।
