গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ করেই গোডাউনটিতে আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তেই আগুন পুরো এলাকা জুড়ে ভয়াবহ আকার ধারণ করে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন,
সকাল ১০টার দিকে স্থানীয়রা আগুনের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক গোডাউন ও ঘর। এসব গোডাউনে পলিথিন, ঝুট, গাড়ির টায়ার ও কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ মজুত রাখা হয়, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।
অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট ও কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, আগুনের তীব্রতায় কয়েকটি পাশের দোকান ও ছোট ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা বলেন,
এলাকায় নিয়মিত এমন অবৈধ ঝুট ও কেমিক্যাল গোডাউন গড়ে উঠছে, কিন্তু কোনো তদারকি নেই। আগুন লাগলে ক্ষতির ভার আমাদেরই বহন করতে হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
