এতিমদের বরাদ্দের কোটি টাকা আত্মসাৎ, দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মাদারীপুরে এতিমদের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও এক এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর এলাকার হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার উন্নয়ন ও এতিমদের কল্যাণে গত চার বছরে বিভিন্ন খাতে সরকার ১ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেয়। তবে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে ও এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ পাওয়ার পর দুদক প্রধান কার্যালয় থেকে তদন্ত দল পাঠানো হয়। একাধিক পর্যায়ে তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, এতিমদের কল্যাণের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ অত্যন্ত গুরুতর অপরাধ। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এতিমদের অর্থ আত্মসাৎ করার সাহস না পায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *