গাজীপুরের শ্রীপুরে নকল প্রসাধনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানের পর র্যাবের মোবাইল কোর্টের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় গাড়িতে বসে ছিলেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বেলা ১২টার দিকে মাওনা চৌরাস্তার বাজার এলাকায় দুটি প্রসাধনীর দোকানে নকল পণ্যের সন্ধানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নকল পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জব্দকৃত পণ্যের মধ্যে ইউনিলিভারের বৈধ পণ্যও নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা মোবাইল কোর্টের গাড়ি আটকে রেখে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের কর্মকর্তা ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। তারা জব্দ মালামাল যাচাই করে ফেরত দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা গাড়ি ছেড়ে দেন।
শ্রীপুর থানার কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, ব্যবসায়ীদের দাবির মুখে দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
