চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের ঘনিষ্ঠ অনুসারী এবং মাইটভাঙ্গা বিএনপি সভাপতি কবির মেম্বারের অনুসারী মোঃ মাহমুদুল হাসান খান ওরফে দানা হাসান (৩৭) মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর চট্টগ্রাম ডবলমুরিং থানাধীন ডি.টি. রোড বায়তুশ শরফ জিলানী মার্কেটস্থ রশিদ অটো মোবাইলসের সামনে থেকে বিশেষ অভিযানে দানা হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে CAREW’S ব্র্যান্ডের হান্টার এলে (HUNTER ALE) নামের ৫% ভলিউমের মোট ২৪ বোতল বিয়ার (মদ) উদ্ধার করা হয়।
এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনি ২৪(ক) ধারা অনুযায়ী মামলা নং-২৪/২০২৫ রুজু করা হয়েছে। একই মামলার অপর আরেক জন হলেন আসামী সাব্বির হোসেন (২৬), সাং-মগধরা, ৬ নং ওয়ার্ড, ডাকু হাজীর বাড়ি, সন্দ্বীপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ মাহমুদুল হাসান খান (দানা হাসান) মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ির বাসিন্দা। তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের শীর্ষ অনুসারী হিসেবে পরিচয় দিতেন এবং সেই প্রভাব দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছিলেন।
সন্দ্বীপের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দানা হাসান শুধু চট্টগ্রামে নয়, সন্দ্বীপেও বিভিন্ন সময়ে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এই বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. বেলায়েত হোসেন ইনসাইড টিভিকে বলেন,
হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। সে আসলে মাদকের সাথে জড়িত কি না সে বিষয়ে আমার জানা নেই। তবে শুনেছি তাকে বিয়ারের ক্যান সহ গ্রেফতার করেছে।
বেলায়েতের অনুসারী কী না সে প্রশ্নের জবাবে তিনি বলেন,
সে আমার অনুসারী বিষয়টি ঠিক নয়। সে মূলত যুবদল করে। কোনো সমর্থক যে কাউকে পছন্দ করতেই পারে। এখন কেউ আমার সাথে ছবি তুলে যদি আমার অনুসারী হয়ে যায়, সে বিষয়ে আমার কিছু বলার নেই।
সন্দ্বীপে মাদকের বিষয়ে জানতে চাইলে বেলায়েত বলেন,
এটার জন্য জন সচেতনতা দরকার। মানুষ সচেতন না হলে সমাজ রক্ষা করা কঠিন। মূলত এই সমস্ত মাদক গুলোর অনুমোদন কে দেয় সে জায়গায় হাত দিতে হবে। খুঁজে বের করতে হবে এই সমস্ত বিষয়ের সাথে কারা জড়িত।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও দলীয় নেতা-কর্মীরা মাদক চক্রের পেছনের প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
