সাবেক এমপি মুক্তিসহ দুজন ৬ দিনের রিমান্ডে

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মল হককে ছয় দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার(২৫শে সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়—কবিরুল হক মুক্তি এবং মোজাম্মল হক বিভিন্ন অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন। এসব গ্রুপে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করা ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে উসকানিমূলক প্রচার চালাতেন। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদ জরুরি বলে উল্লেখ করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কের পাশে কয়েকজন উসকানিমূলক স্লোগান দেন এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মোবাইল ফোন জব্দ করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে রাষ্ট্রবিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া যায়।

ওই ঘটনার ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়, যাতে সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও মোজাম্মল হককে আসামি করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *