মাগুরার মহম্মদপুর উপজেলায় টিসিবির উপকারভোগীদের জন্য গত জুলাই মাসে বরাদ্দকৃত চাল নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। উপজেলা খাদ্য কর্মকর্তার নথি অনুযায়ী ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল একজন ডিলার তুলেও নিয়েছেন, অথচ উপকারভোগীদের জানানো হয়েছিল—সেই মাসে চালের বরাদ্দ আসেনি।
মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নে টিসিবি কার্ডধারীর সংখ্যা ১৫ হাজার ৫৬৭ জন। নিয়ম অনুযায়ী তাঁরা প্রতি মাসে ইউনিয়নের নির্ধারিত ডিলারের কাছ থেকে তেল, চিনি, ডাল এবং চাল বাজারমূল্যের চেয়ে কম দামে কিনতে পারেন। জুলাই মাসে উপকারভোগীরা তেল, চিনি ও ডালের প্যাকেজ পেলেও চাল পাননি। তাঁদের জানানো হয়েছিল, সে মাসে চাল বরাদ্দই আসেনি।
কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নথি অন্য কথা বলছে। দেখা গেছে, ৩০ জুলাই খাদ্য নিয়ন্ত্রক মো. মজনুর রহমানের স্বাক্ষরিত দুইটি বিলি আদেশে বিনোদপুর এলাকার এক ওএমএস ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর নামে এই চাল বরাদ্দ দেওয়া হয় এবং সেদিনই মহম্মদপুর ও বিনোদপুর খাদ্যগুদাম থেকে চাল তোলা হয়।
চাল না পাওয়ায় উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজাপুর ইউনিয়নের শরিফা নামের এক কার্ডধারী বলেন,
জুলাই মাসে চাল পাইনি, শুধু অন্য জিনিস পাইছি। বাজারে তো ৫০ টাকা কেজি, টিসিবির চাল ৩০ টাকায় পেলে একটু স্বস্তি হইত।
ডিলারদের মধ্যে অনেকে জানিয়েছেন, জুলাই মাসে তাঁদের জানানো হয়েছিল চাল বরাদ্দ নেই। নহাটা ও রাজাপুর ইউনিয়নের ডিলার মিলন ঘোষ বলেন,
অ্যাপে চালের বরাদ্দ দেখাইছিল, কিন্তু হাতে পাইনি। তাই চাল ছাড়া অন্য পণ্য বিক্রি করেছি।
অন্যদিকে বিনোদপুর ও দীঘা ইউনিয়নের দুই ডিলার দাবি করেছেন, তাঁরা চালও বিক্রি করেছেন। কিন্তু অন্তত ১০ জন উপকারভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কেউই জুলাইয়ে চাল পাননি। স্থানীয় এক ফল ব্যবসায়ী বলেন,
ডিলার তখন বলছিল, চাল ফুরায় গেছে।
অভিযুক্ত ডিলার হোসেনিয়া কান্তা জুলাই মাসে লটারির মাধ্যমে সদ্য নিয়োগপ্রাপ্ত ওএমএস ডিলারদের একজন। তবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সরবরাহ করা নম্বরে ফোন করলে এক ব্যক্তি জানান, ওই সিম তিনি ব্যবহার করেন, কিন্তু হোসেনিয়া কান্তা ঋতু নামে কাউকে তিনি চেনেন না।
এ ঘটনায় উপকারভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং প্রশ্ন উঠছে, বরাদ্দকৃত ৭৭ মেট্রিক টন চাল আসলে গেল কোথায়।
