রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন সোমবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান পরিস্থিতিতে ভোটার উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে দুর্গাপূজার ছুটির পর নির্বাচন হওয়া উচিত। তাঁর দাবি, ছুটির কারণে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন, ফলে ভোটারদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। তিনি নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের আবেগ ও অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান দুপুর তিনটার দিকে সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময় অর্থাৎ আগামী ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ইচ্ছে করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাঁর দাবি, যথাসময়ে ভোটগ্রহণের পাশাপাশি বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে, ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং ভোটের দিনই ফলাফল ঘোষণা করতে হবে। যারা নির্বাচনে জয়ী হওয়ার আশায় নেই তারাই নির্বাচন পেছানোর কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
মোস্তাকুর রহমান আরও জানান, তিনি প্রচারণার সময় অধিকাংশ শিক্ষার্থীকে হলে অবস্থান করতে দেখেছেন। তাঁর মতে, কিছু শিক্ষার্থী অনিশ্চয়তায় থাকলেও প্রশাসন যদি নিশ্চিত করে যে ২৫ তারিখেই নির্বাচন হবে, তাহলে শিক্ষার্থীদের হতাশ হওয়ার কারণ থাকবে না।
এদিকে এর আগে দিনভর আরও কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলন করে রাকসু ও অন্যান্য নির্বাচনের আগে ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
