চট্টগ্রামের কালুরঘাট সেতুতে বৃহস্পতিবার (৫ই জুন) পর্যটক এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন বিভাগীয় পরিবহণ কর্মকর্তা, চট্টগ্রাম। অন্যান্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), চট্টগ্রাম; ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১; এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত ১০টার দিকে কালুরঘাট সেতু অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটি সিগনাল উপেক্ষা করে সেতুতে ওঠে, যেখানে এরই মধ্যে কিছু যানবাহন প্রবেশ করেছিল। এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কতজন আহত হয়েছেন বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন—
১, ট্রেনের গার্ড সোহেল রানা (হেডকোয়ার্টার, চট্টগ্রাম)
২, লোকো মাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০)
৩ , সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩)
৪, অস্থায়ী গেট কিপার মাহবুব
রেল কর্তৃপক্ষ বলছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
