ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে টানা প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে তারা কর্মসূচি সাময়িক স্থগিত করে এলাকা ত্যাগ করেন।
দুপুর ১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
অবরোধের ফলে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী, পথচারী ও জরুরি পণ্য পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়ায় তারা আগামী সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে গণজমায়েত ও মঞ্চ তৈরির কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে দ্রুত অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি পুনরায় আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সে সময় সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় আবারও রাজপথে নামেন তারা।
