খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংস পরিস্থিতিকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়— খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে চলমান আন্দোলনের সহিংসতায় এনসিপি গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের “অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত” মন্তব্যের তীব্র নিন্দা জানানো হচ্ছে।
রাঙামাটি জেলার নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দিবাকর চাকমা বলেন, প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
রাঙামাটি জেলা শাখার সমন্বয়কারী বিপিন চাকমা জানান,
আমরা আলোচনা করেই এই বিবৃতি দিয়েছি। খাগড়াছড়ির ঘটনাকে আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে নিন্দা জানাই।
এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো পার্বত্য অঞ্চলের অস্থির বাস্তবতা ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজনীয়তা।
