খুলনায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানার মুখে ১১ প্রতিষ্ঠান

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

খুলনা বিভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আটটি টিম। রোববার (২১শে সেপ্টেম্বর) সারাদিনব্যাপী এ অভিযানে নানা অনিয়ম ও অসঙ্গতির দায়ে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উঠে এসেছে—মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভেজাল ও মোড়কবিহীন খাদ্যপণ্য রাখা, ভোক্তাদের যথাযথ পণ্য না দেওয়া এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের মতো গুরুতর অনিয়ম।

খুলনা মহানগরের খানজাহান আলী রোড, রয়েল মোড়, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে এক হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা, আরেকটি মিষ্টান্ন ভাণ্ডারকে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকটি ফার্মেসি ও স্টোরে মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন পণ্য রাখার প্রমাণ মেলায় জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযানের লক্ষ্য শুধু জরিমানা আদায় নয়, ব্যবসায়ীদের সচেতন করা। এজন্য প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *