কুমিল্লায় সালিসকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৮

কুমিল্লা প্রতিনিধি

2 Min Read

কুমিল্লার দেবীদ্বারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে আট সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক দিনকালের পারভেজ সরকার, এশিয়ান টিভির নেছার উদ্দিন, আজকের কুমিল্লার সোহরাব হোসেন, ডাক প্রতিদিনের আনোয়ার হোসেন, আমার দেশের আবু বক্কর ছিদ্দিক, কালবেলার জহিরুল ইসলাম (মারুফ), সাংবাদিক শাহজালাল ও সাইফুল ইসলাম (সজীব)।

এ ছাড়া হামলাকারীরা সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারের সদস্যদেরও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উটখাড়া মাজারের প্রয়াত খাদেম আবদুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহান গোষ্ঠীর জমি-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে একাধিকবার মারামারি, মামলা ও সালিস হলেও সমাধান হয়নি। সম্প্রতি শাহজাহানের লোকজন অভিযোগকৃত পরিবারের বসতবাড়িতে যাওয়ার একমাত্র পথ দেয়াল তুলে বন্ধ করে দেয়।

এ ঘটনায় কমলা খাতুনের নাতি সাংবাদিক সোহরাব হোসেন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে উপজেলা প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াকে সমাধানের দায়িত্ব দেন। তাঁর উদ্যোগেই বৃহস্পতিবার বিকেলে সালিসের আয়োজন করা হয়।

সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক জানান,

আমরা আটজন ঘটনাস্থল পরিদর্শন শেষে পাশের একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন দৌড়ে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা আমাদের পেটায় এবং ফোন, ক্যামেরা ও টাকা কেড়ে নেয়।

হামলার অভিযোগে অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর এক আত্মীয় দাবি করেন,

শাহজাহান নিজের জায়গায় দেয়াল তুলেছেন। সাংবাদিকদের ওপর কারা হামলা করেছে, সেটা তাঁরা জানেন না।

ইউপি সদস্য লিটন মিয়া বলেন,

সালিস শুরুর আগেই চায়ের দোকানে হঠাৎ হামলার ঘটনা ঘটে। আমি পৌঁছে সাংবাদিকদের নিরাপদে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দিন জানান,

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *