ঢাকায় মহাসমাবেশের ঘোষণা খেলাফত মজলিসের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

নির্বাচনে সমান সুযোগ ও রাজনৈতিক স্থিতি নিশ্চিতের দাবিতে আগামী ২৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির নির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বৈঠক সূত্রে জানা গেছে, পাঁচ দফা দাবির অন্যতম হলো—জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করা এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিরোধ। এসব দাবি বাস্তবায়নে আগামী ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ধরন ও প্রক্রিয়া নির্ধারণে ২৫ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়েছে।

বৈঠকে আমির মাওলানা মামুনুল হক বলেন,

জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া দেশে কোনো গুণগত রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তা না হলে আবারও স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে এবং ভারতীয় আধিপত্যবাদের খবরদারি শুরু হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,

আমরা এককভাবে, সমঝোতার ভিত্তিতে কিংবা জোটগতভাবে—যেভাবেই নির্বাচনে অংশগ্রহণ করি না কেন, আমাদের মূল লক্ষ্য থাকবে স্বাধীন সিদ্ধান্তের বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করা এবং ‘বাংলাদেশ পন্থা’র জাগরণ।

সাবেক সরকারের সময় সংঘটিত গুম, খুন, শাপলা গণহত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে মামুনুল হক বলেন,

অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। এদের অনেকেই দেশীয় শাসন টিকিয়ে রাখতে এবং ভারতীয় আধিপত্যকে বৈধতা দিতে জঙ্গি নাটক সাজিয়েছে। এসব অপরাধের দায়মুক্তি কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নিতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে এবং রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে সাংগঠনিক প্রচারও জোরদার করা হবে।

খেলাফত মজলিসের নেতারা জানান, এই মহাসমাবেশ কোনো একদিনের কর্মসূচি নয়, বরং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি আন্দোলনের সূচনা। তাদের মতে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে “ন্যায়ভিত্তিক নির্বাচনই” এখন সময়ের দাবি।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *