হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কুণ্ডলী বিমানবন্দরের আকাশ ছেয়ে ফেলায় নিরাপত্তা সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত ঘোষণা করা হয়।
ফলে ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটে। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটকে পাঠানো হয় কলকাতায়।
এছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়।
এদিকে, বিমানবন্দরের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই কার্গো ভিলেজ এলাকা থেকে ধোঁয়ার ঘন স্তর ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দর এলাকায়। এতে বিমানবন্দরের নেভিগেশন সিস্টেম ও রানওয়ে ভিজিবিলিটি মারাত্মকভাবে প্রভাবিত হয়।
দমকল বাহিনীর অন্তত ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একজন বিমানবন্দর কর্মকর্তা জানিয়েছেন,
নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করবে না। আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব কি না।
আগুনের ঘটনায় কার্গো এলাকায় কর্মরত কয়েকজন শ্রমিকের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারকাজে বিমানবন্দর কর্তৃপক্ষ, দমকল বাহিনী, সেনা ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
