গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাই

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাসন এলাকার আউটপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত। আতঙ্ক সৃষ্টি করতে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারপাশে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম শারীরিকভাবে অক্ষত থাকলেও প্রচণ্ড আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *