গাইবান্ধায় বাবা-মাকে নির্যাতন: অভিযুক্ত ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ মাহবুব ইসলাম ও মোছা. হাছনা বেগম দম্পতির একমাত্র ছেলে হাসানুর রহমান এবং তার স্ত্রী উম্মে মাহবুবা সোমা দীর্ঘদিন ধরে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পুত্রবধূ উম্মে মাহবুবা সোমা উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নির্যাতনের ফলে বৃদ্ধ মাহবুব ইসলাম একাধিকবার—প্রায় তিন থেকে চারবার—ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্ত ছেলে কৌশলে বাবা-মায়ের জমি নিজের নামে লিখে নেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে জমি লিখে দেওয়ার কারণ জানতে চাইলে বাবা-মায়ের ওপর আবারও নির্যাতন শুরু হয়। একপর্যায়ে গত ৭ জানুয়ারি ছেলে ও পুত্রবধূ বৃদ্ধ দম্পতিকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতের কাপড় পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।

শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসুস্থ ও বৃদ্ধ দম্পতির খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের পুনরায় ঘরে থাকার ব্যবস্থা করেন।

এ ঘটনায় মাহবুব ইসলাম বাদী হয়ে প্রশাসনের সহযোগিতায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মামলাটি আপসের জন্য চাপ প্রয়োগ করে আপসনামায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এরপর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসানুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *