সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহল চলাকালে দুটি ট্রলার থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি সিমেন্ট উদ্ধারসহ পাচারের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজারের কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি টহল দল সমুদ্রে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুটি ইঞ্জিনচালিত ট্রলারকে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে ট্রলার দুটি পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে ধাওয়া করে ট্রলার দুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের ট্রলার থেকে বিপুল পরিমাণ সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়। এ ছাড়া পাচার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান, সন্ত্রাসী তৎপরতা, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
এই অভিযানের মাধ্যমে সমুদ্রপথে অবৈধ বাণিজ্য ও পাচারচক্রের বিরুদ্ধে নৌবাহিনীর সতর্কতা ও তৎপরতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
