মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৫৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৫৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং ইউএনএইচসিআর কার্ডকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে অবৈধভাবে যানবাহন চালানোর অভিযোগে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের সেতিয়াওয়াংসা, ওয়াংসা মাজু, সেতাপাক ও গোম্বাক এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কুয়ালালামপুর জেপিজের পরিচালক হামিদি আদম জানান, অভিযানে মোট ৩২৩টি যানবাহন পরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে ২৮৩টি মামলাসহ ৫৮টি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ যানবাহনের মধ্যে রয়েছে ৫২টি মোটরসাইকেল, ৩টি আবর্জনা বহনকারী লরি, ২টি অন্যান্য পণ্যবাহী যান ও একটি প্রাইভেটকার।

আটক ৫৮ জন বিদেশির মধ্যে বাংলাদেশি ১০ জন, পাকিস্তানি ১৫ জন, ভারতীয় ১৩ জন, ইন্দোনেশীয় ১১ জন, মিয়ানমারের ৮ জন ও ফিলিস্তিনের ১ জন রয়েছেন।

জেপিজে জানায়, অভিযানে ১১১টি ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধ শনাক্ত হয়েছে। এছাড়া রোড ট্যাক্স না থাকা ৭৫টি, বিমা না থাকা ৬১টি, যানবাহনের অপব্যবহার ১৪টি এবং ভোকেশনাল লাইসেন্স না থাকার ১০টি ঘটনা ধরা পড়ে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৩ বছর বয়সি রহিম নামের এক রোহিঙ্গা শরণার্থী জানান, জীবিকার তাগিদে তিনি ভাঙারি সংগ্রহের কাজে যুক্ত হন। দুই বছর আগে এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৫০০ রিঙ্গিতে একটি পুরনো থ্রি-হুইলার কিনে তিনি কাজ শুরু করেন।

জেপিজের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ৫৮৬টি যানবাহন জব্দ করা হলেও গত বছর তা কমে ৩৭৬টিতে দাঁড়ায়। তবে অপরাধের হার কমলেও কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে জানান হামিদি আদম। রাজধানীতে অবৈধ বিদেশি চালকদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের কঠোর অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *