সাতক্ষীরা উন্নীত হচ্ছে ‘এ’ শ্রেণির জেলায়

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন গুরুত্ব ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় সাতক্ষীরা জেলার মানোন্নয়নের পাশাপাশি প্রশাসনিক কাঠামো সংস্কার ও জননিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নতুন থানাগুলো হলো—গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী। এছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ—‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হলেও ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদারে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় অনুমোদন পায়।

এছাড়া সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *