রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।
সূত্র জানায়, রাত ২টা ২২ মিনিটের দিকে বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাতব্যাগ হস্তান্তর করার সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হয়। মুহূর্তেই সেখানে গোলযোগ সৃষ্টি হলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা টিম তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নেয়।
তল্লাশির একপর্যায়ে তিনটি নীল ব্যাগ থেকে চারটি গোল্ডবারসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিদেশ থেকে আসা অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থেকে রিসিভার হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, বিমানবন্দর ব্যবহার করে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
