জুলাই সনদ স্বাক্ষরকে রাজনৈতিক স্থিতিশীলতার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলের উচিত এই প্রক্রিয়াকে সম্মানের সঙ্গে এগিয়ে নেওয়া।
শুক্রবার (১০ই অক্টোবর) সকালে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই মন্তব্য করেন।
তিনি বলেন,
জুলাই সনদের বিষয়ে সব দল আলাপ-আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্রে আস্থা থাকলে এই বিষয়ে ঐক্যমত গড়ে তোলা সম্ভব।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন,
তার বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। দেশের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের মধ্যে তার বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে।
দেশের কৃষি খাত প্রসঙ্গে রিজভী আরও বলেন,
তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষিকাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এই বাস্তবতায় এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, সংগঠনটি এমন নীতিমালা প্রণয়ন করবে, যা কৃষকদের স্বার্থ রক্ষা ও জনকল্যাণ নিশ্চিত করবে। এই দিকনির্দেশনা ও প্রেরণা এসেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে।
