কথার ফুলঝুরি নয়, কাজের রাজনীতি চাই: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

3 Min Read

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে কথার ফুলঝুরি নয়—বাস্তব ও কার্যকর কাজই সবচেয়ে জরুরি। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে; একটি শ্রেণিকে বাদ দিয়ে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারীদের ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ এগোনো অসম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের ‘নারীবিদ্বেষী’ বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্যে যারা নারীর নেতৃত্বে বিশ্বাস করে না এবং কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তারা দেশ ও সমাজ—উভয়ের জন্যই কলঙ্ক।

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, লাখো নারী দেশের অর্থনীতি সচল রাখতে কাজ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরা সংসার টিকিয়ে রাখতে স্বামীর পাশে দাঁড়াচ্ছেন, অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকের দাবি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সমালোচনার মুখে পড়ে একটি রাজনৈতিক দল মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের হ্যাকিংয়ের সুযোগ নেই।

আগামী ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বিগত ১৫–১৬ বছরে বিএনপির আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, এ সময়ে অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবার জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে।

উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, নারীদের স্বাবলম্বী করা হবে। খুলনাকে আবার শিল্পনগরীতে রূপান্তর, তরুণদের জন্য আইটি পার্ক স্থাপন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *