ভালোবাসার জোয়ারে অভিভূত তারেক রহমান, দেশবাসীর প্রতি জানালেন কৃতজ্ঞতা

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন ও গণসংবর্ধনায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সুদূর লন্ডন থেকে দেশে ফেরার পর তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। ঐতিহাসিক ও নজিরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী যেন মানুষের সমুদ্রে পরিণত হয়।

বিবৃতিতে তারেক রহমান বলেন, অভ্যর্থনা জানাতে আসা আপামর দেশবাসীর ভালোবাসা ও আবেগ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। এই ভালোবাসা ও আস্থার জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া ঢাকা মহানগরীসহ সারাদেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

অভ্যর্থনা কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

পাশাপাশি এই ঐতিহাসিক মুহূর্তটি জনসমক্ষে তুলে ধরতে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, দেশবাসীর এই ভালোবাসা ও প্রত্যাশা ভবিষ্যতের পথচলায় তাকে আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *