লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে একজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার নামেও মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াত।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের বাসিন্দা সোহেল। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’-এর মালিক। অপরজন হলেন সৌরভ হোসেন শরীফ, যিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের প্রিন্টিং দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেখান থেকে সোহেলকে আটক করে থানায় নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্য, তার সঙ্গে হওয়া কথোপকথন এবং সংরক্ষিত ভয়েস মেসেজের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পুলিশের দাবি, সৌরভের নির্দেশেই অবৈধ এসব ভোটের সিল তৈরি করা হচ্ছিল। এ কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে।
এদিকে সিল জব্দের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেই লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত পৃথকভাবে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করে।
সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, সিল কাণ্ডের সঙ্গে জামায়াত সরাসরি জড়িত এবং আটক সোহেল জামায়াতের কর্মী।
এর জবাবে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, সিলসহ আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে তিনি সৌরভ হোসেন শরীফের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও তিনি জানান।
