বর্তমান নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজন করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে প্রশাসনে আওয়ামী দোসরদের উপস্থিতির কারণে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।
রিজভী বলেন,
বর্তমান ইসির আন্তরিকতার অভাব নেই। আমরা বিশ্বাস করি, তারা অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করতে পারবেন। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও কমিশন দিয়েছে।
তিনি আরও বলেন, অবাধ ভোট আয়োজনের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, ইসি তা গ্রহণ করছে। কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।
তবে প্রশাসনের বিভিন্ন স্তরে সাবেক সরকারের দোসররা এখনও সক্রিয় বলে অভিযোগ তোলেন বিএনপির এ নেতা। তিনি প্রশ্ন রাখেন,
ইসিতে বসে থাকা এসব দোসররা কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে?
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নূরের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নূরের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
ইসি সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন চূড়ান্ত করেছে, দু’এক দিনের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শেষ হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশের কথা রয়েছে।
রিজভী জানান, বৈঠকে আরপিও সংশোধন, আসন পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গ তুলেছেন তারা। তবে নির্দিষ্ট কোনো আসন নয়, সামগ্রিক প্রস্তুতি সম্পর্কেই জানতে চেয়েছেন।
