বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের সমাজে যে হতাশা ছড়িয়ে পড়েছে তার মূল কারণ শক্তিশালী বিপ্লবী সংগঠনের অভাব। সংগঠন ছাড়া কোনো বিপ্লব কখনো সফল হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত লেখক ও চিন্তক বদরুদ্দীন উমরের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিপ্লব তখনই সফল হয় যখন এর পেছনে থাকে একটি শক্তিশালী ও সুসংগঠিত নেতৃত্ব। আজ সমাজে যে হতাশা বিরাজ করছে, এর মূল কারণ সংগঠনের দুর্বলতা। যদি সংগঠন না থাকে তবে কোনো বিপ্লবই কার্যকর হয় না।
তিনি আরও বলেন, যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন এবং সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে চান, তাদের প্রথম দায়িত্ব হবে সংগঠনকে শক্তিশালী করা। বিপ্লব কখনো একক প্রচেষ্টায় আসে না, এটি কেবল সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে সুসংগঠিত আন্দোলন গড়ে ওঠে।
প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের সঙ্গে আপস করেননি। নতুন প্রজন্মের উচিত তার মতো আদর্শিক ও আপসহীন নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। তিনি উমরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিপ্লব করতে হলে মানুষের একেবারে কাছে যেতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ছাড়া কোনো আন্দোলন টিকে থাকতে পারে না।
