বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তিন দিনের এ সফরে দলটির নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এর আগে তিন দফা আলোচনায় শুল্ক কমানো নিয়ে নীতিগত সমঝোতা হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। একটি খসড়া চুক্তি প্রস্তুত থাকলেও কিছু অমীমাংসিত বিষয় এখনও সমাধান বাকি রয়েছে। চলমান সফরে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তারা মতবিনিময় করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত ২ এপ্রিল ৭০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হলেও তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে হার কমিয়ে ২০ শতাংশে আনা হয়। বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্কে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও নতুন শুল্ক আরোপে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ শতাংশে।
অর্থনীতিবিদরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার হওয়ায় এ শুল্ক বহাল থাকলেতৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। তাই এই সফরকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক অচলাবস্থা নিরসনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।
