জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা হবে। রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত হয়ে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন,
৫ আগস্টেই শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা।
তিনি আরও বলেন,
জুলাইয়ের ঘটনাগুলো আমাদের পরিবারের জন্য শোক ও বেদনার—এই অপরাধের যথাযথ বিচার জনগণ প্রত্যাশা করে।
এদিকে সকাল থেকেই সুপ্রিম কোর্ট চত্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন ও মাজার গেট সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহলদল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে বিশেষ নজরদারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম নিশ্চিত করেছেন যে, সোমবার বেলা ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় পাঁচটি অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাস দাবি করেছে। রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও খালাস চেয়ে আবেদন করা হয়েছে।
ঐতিহাসিক এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি বিটিভির সিগন্যাল থেকে অন্যান্য টেলিভিশন চ্যানেল এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও রায়টি লাইভ প্রচার করবে। রাজধানীর কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি রায় দেখার ব্যবস্থাও করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
দেশজুড়ে রায় ঘোষণাকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ ও উত্তেজনা।
