ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বরসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা গেছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোল চত্বর এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত হন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
তিন বাহিনীর সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের জান-মাল রক্ষায় রয়েছে সব ধরনের প্রস্তুুতি। নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন, এবং পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছে।
গত ১৩ নভেম্বর মহাসড়কের পাশে সন্দেহজনক লাগেজ থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনার পর ভাঙ্গায় বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের কারণে সকাল থেকেই এলাকায় মানুষের চলাচল সীমিত দেখা গেছে, আর বিভিন্ন প্রবেশমুখে চলছে তল্লাশি ও কঠোর নজরদারি।
