জাতীয় ঐকমত্য কমিশন আজই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করতে চায়, যাতে রাষ্ট্র সংস্কারের জন্য প্রণীত জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা যায়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করে আলোচনার সমাপ্তি ঘটানো হবে।
তিনি জানান, ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদের পটভূমির খসড়া পেয়েছে এবং তাদের প্রস্তাবিত সংশোধনী নিয়ে কমিশন কাজ করছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ৬টি কমিশনের প্রস্তাবিত সুপারিশের সারাংশে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য হয়েছে। ১৩টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ সমঝোতা হয়েছে এবং বাকি বিষয়গুলো আজ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের আলোচনায় মূলত উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম-কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত।
দ্বিতীয় পর্যায়ের এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেন, দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই অমীমাংসিত বিষয়গুলো সমাধান হতে পারে। এরপর জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, যাতে তারা স্বাক্ষর করে বহুল প্রতীক্ষিত সনদকে আনুষ্ঠানিক রূপ দিতে পারে।
