আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার অতীতের প্রতিশোধ নয়, বরং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। তিনি বলেন, এই বিচার জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, “দুজন আসামির অনুপস্থিতি বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে পারবে না। অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায়বিচার বঞ্চিত হওয়া নয়। অপরাধী যত বড়ই হোক, তার জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও সূচনা বক্তব্যে বলেন, “ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের জন্য আমরা সর্বোচ্চ শাস্তি চাই, তবে তা হবে আইনি কাঠামোর মধ্যেই। বিগত আমলে গুম-খুনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল। এখন এমন একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে খুনের রাজনীতি চিরতরে বন্ধ হয়।”
এই মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় প্রায় দেড় হাজার মানুষকে হত্যার উসকানি, প্ররোচনা, নির্দেশদানসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার নির্দেশ-সংক্রান্ত অডিও রেকর্ড এবং বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এ মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন, যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন।
তাজুল ইসলাম বলেন, “আমাদের কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ নেই। আমরা অপরাধের বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। ন্যায়বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইব।”
