সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ যেকোনো ধরনের গণজমায়েতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী বুধবার ১৩ আগস্ট সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
ডিএমপি কমিশনারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।
এই এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, শোভাযাত্রা, অবস্থান ধর্মঘট, মিছিল বা মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের বিচার বিভাগীয় কার্যক্রম পরিচালনার অন্যতম প্রধান এলাকা ও এর আশপাশের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
