গাজা যুদ্ধবিরতিতে নতুন উদ্যোগ: মিশর, কাতার ও তুরস্কের সমন্বিত প্রস্তাব

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

গাজায় চলমান সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মিশর, কাতার ও তুরস্ক। সমন্বিত এই প্রস্তাব প্রথম ধাপে হামাসের কাছে উপস্থাপন করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জীবিত ও মৃত সকল ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা শাসন ত্যাগ নিয়ে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইসরাইল ‘আরব-মার্কিন তত্ত্বাবধানে’ গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

অন্তর্বর্তীকালীন সময়ে তুরস্ক ও অন্যান্য মধ্যস্থতাকারীরা নিশ্চিত করবে, হামাস সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখবে, যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা এগিয়ে নেওয়া যায়। হামাস প্রস্তাবে সম্মতি দিলে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের কাছে পাঠানো হবে। এর মাধ্যমে কার্যকর যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, চূড়ান্ত সমাধানের জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থা জরুরি। প্রায় দুই বছর ধরে চলমান এই সংঘাতে মাত্র দুইবার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। সবশেষ জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও মার্চ থেকে ইসরাইল আবার হামলা শুরু করে। বর্তমানে যুদ্ধবিরতি নিশ্চিতে আরও আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল মিশরে পৌঁছেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *