ছাত্রদলের সমাবেশে ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর শাহবাগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে মুখর হয়ে উঠেছে এলাকা। দুপুরের আগেই মৎস্যভবন থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত ছড়িয়ে পড়েছে সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের ঢল।

সমাবেশস্থল জুড়ে ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান আর ব্যানারে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায়— “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে”— এমন সব স্লোগান।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়া ছাত্রদল নেতাকর্মীরা জানান, এ সমাবেশ তাদের জন্য নতুন উদ্দীপনা ও সাহসের প্রতীক। তারা বিশ্বাস করেন, নিজেদের আন্দোলনের পাশাপাশি বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের অধিকার আদায়ে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিকেলে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।

শাহবাগ ও আশপাশের এলাকায় সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানিয়েছে, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মোতায়েন করা হয়েছে ১৪ হাজার পুলিশ সদস্য। এর মধ্যে ৮ হাজার ইউনিফর্মে এবং ৬ হাজার সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *