হাদি হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে বিচারহীনতা ও তদন্তে স্থবিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। হত্যাকারী ও নেপথ্যে থাকা সবাইকে দ্রুত গ্রেফতার করতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্তদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এ স্মারকলিপি জমা দেয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহীদ ওসমান হাদি ছিলেন একজন আপসহীন তরুণ নেতা এবং ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ হত্যাকাণ্ডের পূর্বপ্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের হোতাদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সংগঠনটি চরম উদ্বেগ প্রকাশ করে।

ছাত্রদল নেতারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়; এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ংকর দৃষ্টান্ত। এর মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদী রাজনীতিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ প্রেক্ষিতে স্মারকলিপিতে চার দফা জোরালো দাবি উত্থাপন করা হয়—

১) শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাসহ সকলকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে;
২) হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে;
৩) ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে;
৪) ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বাড়াতে হবে।

স্মারকলিপির শেষাংশে বলা হয়, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *