মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাতদের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে যাচ্ছে যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
এর আগে সোমবার রাতে নৌ-ডাকাতরা ক্যাম্পে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি চলে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকাতদের লুট করা অস্ত্র ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর যৌথ বাহিনী দ্রুত অভিযান চালাবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে কাজ করছে এবং কোনো ধরনের দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে তিনি খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দেন। তার ভাষায়, “শুভাঢ্যা খালসহ আশপাশের এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। দখলকারীদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
পাশাপাশি পরিবেশ উপদেষ্টা জানান, খালের পাড় যাতে আবার দখল না হয়, সে জন্য ঢালাই করে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হয়েছে।
