জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে গেল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরে পলাতক আসামিদের হাজির হতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
