শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন আহত হয়েছেন। অভিযুক্ত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজার এলাকায় খোলা তেল বিক্রি সংক্রান্ত মনিটরিং কার্যক্রমে অংশ নেন ওসি নাজিম উদ্দীনসহ পুলিশের একটি দল। এ সময় স্থানীয়দের কাছ থেকে তথ্য পান যে, নিষিদ্ধ ছাত্রলীগের সখিপুর থানা শাখার সভাপতি আতিকুর রহমান ওরফে সোমেল সরদার বাজার এলাকায় অবস্থান করছেন।
পরে ওসি তাকে ডেকে পরিচয় জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ আটক করতে গেলে ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি নাজিম উদ্দীন আহত হন এবং অভিযুক্ত নেতা কৌশলে পালিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত ওসিকে তাৎক্ষণিকভাবে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে ওসি মো. নাজিম উদ্দীন বলেন, অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
