শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় দুজন গ্রেফতার, উদ্ধার স্বর্ণালংকার

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

2 Min Read

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার।

গত শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। পরে তারা প্রতিমার চার ভরি ওজনের স্বর্ণের মুকুট, একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের চেইনসহ লকেট, চার ভরি রুপার মুণ্ডমালা, চার আনা স্বর্ণের লকেট ও দান বাক্সের নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

পরদিন রোববার (৯ নভেম্বর) চুরি করা স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে এক চোর নগরের কাট্টলী এলাকার একটি স্বর্ণের দোকানে গেলে দোকানির সন্দেহ হয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে কাট্টলী ওভারব্রিজ এলাকার নিচ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় চুরির ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চুরির ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে দ্রুত অভিযানে নামে পুলিশ এবং অল্প সময়ের মধ্যেই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, শতবর্ষী এই কালী মন্দিরটি চট্টগ্রাম নগরের অন্যতম প্রাচীন পূজাস্থল হিসেবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। চুরির এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *