গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে আজ সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন বিবেচিত হওয়ায়, সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রেখে নিজে যাতায়াতের পথ উন্মুক্ত রাখার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে, ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই কর্মকর্তা। পরবর্তীতে, গত সেপ্টেম্বরে তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
সরকারি কর্মকর্তার দায়িত্ব ও আচরণ নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে এটি সাম্প্রতিক সময়ে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
