পটুয়াখালীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল: পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক পরীক্ষার্থীর কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পটুয়াখালী পৌরসভার পিটিআই ভবনের ১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে মোসা. সুমাইয়া বেগম (২৫) নামে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটক সুমাইয়া বেগম কলাপাড়া উপজেলার লোন্দা এলাকার বাসিন্দা মো. নূরুল ইসলামের মেয়ে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী হিসেবে ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস (VIP Pro Max, নম্বর: ২০২৬০৯১৮), একটি সিমকার্ড ও পরীক্ষার অ্যাডমিট কার্ড জব্দ করা হয়।

ঘটনার পরপরই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট আইন ও দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *