রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব পরিধানে স্বাধীনতা নিশ্চিতের ঘোষণা

রাজশাহী প্রতিনিধি

1 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি এ বিষয়ে কটূক্তি বা হয়রানির শিকার হন, তবে বিষয়টি দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য থাকবে। তবে কোনো শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে তা সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে এবং প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তায় সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়, সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সুন্দর, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধু পোশাকের স্বাধীনতাই নয়, বরং সকলের বিশ্বাস ও পরিচয়ের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *