কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকার চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত সীমান্ত টহল ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি জানায়, আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্টের দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ৪৪ হাজার টাকা।
এছাড়া একই সময় সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৩৯ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।
