সিলেটের শাহ আরেফিন টিলা—১৩৭ একর জায়গাজুড়ে বিস্তৃত এ ঐতিহাসিক টিলা আজ ধ্বংসস্তূপ। এক সময় ৫০ ফুট উঁচু টিলার ওপরে ঠাঁয় দাঁড়িয়ে ছিল ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলা মাজার। মাত্র চার মাসের ব্যবধানে টিলা নিশ্চিহ্ন হয়ে গেছে। টিলা কেটে শতকোটি টাকার পাথর লুট হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে।
১৯৯৫ সালে আইন হলেও ১৯৯৯ সালে সরকারিভাবে এ টিলা ইজারা দেয়া হয়। মামলার কারণে কিছুদিন বন্ধ থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শুরু হয় ব্যাপক লুট। মাত্র এক বছরে পুরো টিলা গর্তে পরিণত হয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ চিত্র। পাথর লুটে নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইউনিয়ন বিএনপির সেবুল আহমদ, উপজেলা আ.লীগের হুঁশিয়ার আলী, যুবলীগের ফয়জুর রহমানসহ আরও অনেকেই ছিলেন এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত।
পাথর উত্তোলন থেকে পরিবহন, নদীপারে জমি দখল থেকে ভাড়া দেয়া—সবকিছুতেই সক্রিয় ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। ধলাই নদীর দুই পাড়ে তৈরি হয় শত শত পাথর রাখার জায়গা। ভাড়ায় পরিচালিত এসব জায়গায় প্রতিদিন শ্রমিকরা নৌকা ভরে পাথর তুলতেন। এক নৌকার প্রকৃত দাম ৮ হাজার টাকা হলেও শ্রমিকরা পেতেন মাত্র ২ হাজার। বাকিটা যেত সিন্ডিকেটের পকেটে। প্রতিদিন কোটি টাকার বেশি লাভ তুলেছে তারা।
এই লুটপাটে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উপজেলা বিএনপির স্থগিত সভাপতি সাহাব উদ্দিন, যুবদল নেতা সাজ্জাদ দুদু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাহার আহমেদ রুহেলসহ অনেকে। আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিনও ছিলেন সক্রিয়ভাবে জড়িত।
একই তালিকায় উঠে এসেছে আরও ৫১ জনের নাম, যারা প্রত্যক্ষভাবে পাথর উত্তোলন ও ব্যবসায় যুক্ত ছিলেন। ছাত্রদল, যুবদল, আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ—সব দলের নামই আছে এই সিন্ডিকেটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমনও ছিলেন আলোচনায়।
পাথর লুটের ভিডিও ফুটেজেও দেখা যায়, পুলিশের চোখের সামনেই নদী থেকে তোলা হচ্ছে পাথর, ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও দেখা গেছে ঘটনাস্থলে। অথচ প্রশাসন বছরের পর বছর নীরব দর্শক হয়ে থেকেছে।
পরিবেশবাদীরা বারবার প্রতিবাদ করলেও কোনো ফল মেলেনি। বেলা’র সমন্বয়ক শাহ সাহেদা আক্তারের ভাষায়, বদলেছে, কিন্তু অবৈধ কাজ থামেনি।”
ফলাফল—এক বছরের ব্যবধানে শাহ আরেফিন টিলা আজ অতীত। সাদাপাথর, জাফলং, রাংপানিসহ পুরো এলাকায় লুট হয়েছে প্রায় ৩ কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে মাত্র ৫ লাখ ঘনফুট। বাকিগুলো বিক্রি হয়ে গেছে বা চূর্ণ করে ফেলা হয়েছে।
৭০০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতি—সবকিছু মিলিয়ে আজ শাহ আরেফিন টিলা শুধু স্মৃতির গল্প।
