গাছুয়া ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ দুটি সড়ক—গোরস্থান সড়ক ও সেবার খাল সড়ক—দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কগুলোর অধিকাংশ অংশ এখনো কাঁচা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেহাল দশায় স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এই অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়-কলেজে যাতায়াতের সময় নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাদায় রাস্তাঘাট চলাচল প্রায় অচল হয়ে পড়ে, শুকনো মৌসুমে ধুলায় ভরে যায় পুরো এলাকা।

কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকরাও পড়েছেন দুর্ভোগে। রাস্তার করুণ অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
এ ছাড়া, রাস্তা ভেঙে বিভিন্ন স্থানে খাল ও পুকুরের ধারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাদের দাবি, দ্রুত এসব সড়ক সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হোক।
